
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব বোতল জব্দ করা হয়।
আটক ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে নড়াইল সদর থানা পুলিশের একটি দল মালিবাগ মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওয়া একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির পেছনের ডিকিতে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ৫০ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ইমরান হোসেনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালিবাগ এলাকায় পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইমরান নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে।