সুনামগঞ্জ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেনকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেছে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা।
রোববার (১১ অক্টোবর) দুপুরে শহরের হাজীপাড়ায় পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতারা।
মহালয়া মহোৎসব উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ রঞ্জন চক্রবর্তী এবং সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দলটি পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী ও সহদপ্তর সম্পাদক শিবু পোদ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সুনামগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ জেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের দৃঢ় বন্ধন অনুভব করেছেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, সুনামগঞ্জ জেলা সদরসহ ১২টি উপজেলায় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, আনসার ও বিজিবির সদস্যদের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি জোরদারের ব্যবস্থাও রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মধ্য দিয়ে সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।