চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত এ অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকেলে ৮ নম্বর টিমের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাজারামপুর, হাজিপাড়া, হালুয়াবান্ধা স্কুল ও আশপাশের এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ৭ নম্বর ওয়ার্ডের হাজিপাড়া এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু বিস্তারের ঝুঁকি কমাতে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম চালানো হয়।
এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এ ছাড়া স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার অন্যান্য কর্মচারীরা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
এ সময় ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।