
গাজীপুরের কালীগঞ্জে শিক্ষার্থীদের আধুনিক, তথ্যপ্রযুক্তিনির্ভর, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন।
তিনি বলেন, “বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে কালীগঞ্জের নতুন প্রজন্ম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা, বাহাদুরশাদী ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবন নির্মাণে মোট ব্যয় হয়েছে ১১ কোটি ২৬ লাখ ৯১ হাজার টাকা।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত
দিনের দ্বিতীয় পর্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
বক্তারপুর ইউনিয়নের বেলাই বিলের বেরুয়া ব্রিজ অংশ, বেরুয়া এ. আর. খান উচ্চ বিদ্যালয়ের পুকুর, কালীগঞ্জ উপজেলা পরিষদের পুকুর, কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্বাটি দারুচ্ছুন্নাত এতিমখানার পুকুর, কালীগঞ্জ কাচারির পুকুর/পৌরভূমি অফিস এবং তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এতিমখানার পুকুরে সর্বমোট ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা বাড়বে।
দিনব্যাপী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
এ সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ্, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন স্বপন, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা প্রমুখ।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।