

মোঃ রফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করানোর পর নিজেও কীটনাশক পান করেছেন সরাফত আলী নামে এক ব্যক্তি। এতে তার তিন শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের বাবা সরাফত আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তিন শিশু হলো—সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার এবং দুই ছেলে শামিম মিয়া ও তামিম মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সরাফত আলী তার তিন সন্তানকে নিয়ে ঘুমাতে যান। শনিবার ভোররাতে তিন সন্তানকে কীটনাশক পান করানোর পর নিজেও কীটনাশক পান করেন। পরে তিনি ময়মনসিংহে থাকা তার এক ফুফুকে মোবাইল ফোনে বিষয়টি জানান। বিষয়টি জানতে পেরে তার ফুফু বাড়িতে থাকা স্বজনদের খবর দেন।
পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে সরাফত আলী ও তার তিন সন্তানকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ সরাফত আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরাফত আলীর স্ত্রী প্রবাসে থাকা এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
তিনি আরও জানান, নিহত তিন শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।