
নড়াইল জেলা প্রতিনিধি:-উজ্জ্বল রায়
আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের ব্রিফিং করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
সোমবার (১৩ অক্টোবর) নড়াইল পুলিশ লাইন্সের ড্রিল শেডে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাবিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি নির্দেশনা অনুসরণ করে যাতে সবাই শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট এস. এম. শরিফুল আলম, পিভিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রকিবুল হাসান; সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন নড়াইলের সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিবির ওসি, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।