
আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো
রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পেয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি তাঁদের পদক পরিয়ে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, পেশাগত দক্ষতা ও নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য, জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁদের ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হয়েছে।
দুই শীর্ষ কর্মকর্তার এই পদকপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সম্মাননা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও জনসেবায় অবদানের স্বীকৃতি।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদের এ অর্জন রেঞ্জ পুলিশের কর্মকর্তা ও সদস্যদের জন্য গৌরবের বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন। একইভাবে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের পদকপ্রাপ্তিকে নগর পুলিশের জন্য সম্মান ও অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইউনিট প্রধানদের এ ধরনের সম্মাননা সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, দক্ষ এবং জনসেবায় নিবেদিত হতে উৎসাহিত করবে।