
গাজীপুর প্রতিনিধি: মোঃ আশিকুর রহমান
দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও কৃষির ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবনী ও সময়োপযোগী গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উচ্চ বিদ্যালয় মাঠে ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বারির অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক উপস্থাপনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে কৃষি গবেষণার কোনো বিকল্প নেই। পরিবর্তিত জলবায়ু ও বৈশ্বিক বাস্তবতায় কৃষিকে টেকসই ও উৎপাদনমুখী করতে নতুন নতুন প্রযুক্তি ও ফসলের জাত উদ্ভাবনের পাশাপাশি গবেষণালব্ধ প্রযুক্তির সুফল কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। এ সময় কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে রাষ্ট্রপতি বারির প্রধান কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
পরে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘বারি জিন ব্যাংক’ পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ করেন। এ ছাড়া তিনি বারির বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন এবং কৃষি গবেষণার বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তি সম্পর্কে অবহিত হন।
মতবিনিময় অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থাকে আধুনিক করতে হবে। বাংলাদেশের কৃষিকে বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তুলতে গবেষণা, প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদির। তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি সম্প্রসারণের অগ্রগতি তুলে ধরেন।
এ সময় ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বারির অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ে তথ্যভিত্তিক উপস্থাপনা করেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি বিজ্ঞানী, বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।