
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে রিফাত মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বীরগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে উপপরিদর্শক (এসআই) রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল বীরগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আসাম উদ্দিনের ছেলে।
পুলিশের দাবি, রিফাত মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তবে তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগের বিস্তারিত এবং এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, নবীনগর উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
স্থানীয়দের মতে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক সরবরাহের সঙ্গে জড়িত মূল হোতাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।
মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়ে তাঁরা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।