
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন বেপারীপাড়া এলাকায় মাছের প্রজেক্টে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গাজীপুর মহানগর বিএনপির ৪৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি শেখ নজরুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং তাঁর পকেটে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তিনি। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পান বলে জানান ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে গাজীপুরের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি পূজামণ্ডপ পরিদর্শনে টঙ্গীর মরকুন ও বেপারীপাড়া এলাকায় যান। এ সময় শেখ নজরুল ইসলামও পূজামণ্ডপে যাওয়ার পথে তাঁর মাছের প্রজেক্টের দিকে মানুষের সমাগম দেখতে পান। পরে সেখানে কী ঘটছে, তা দেখতে তিনি প্রজেক্টের দিকে এগিয়ে যান।
ভুক্তভোগীর অভিযোগ, প্রজেক্টের কাছে গিয়ে সেখানে কারা অবস্থান করছে, তা জানতে চাইলে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি হঠাৎ বেরিয়ে এসে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর কলার ধরে বেধড়ক মারধর করে এবং মাথা ও চোখের পাশে আঘাত করে। এ সময় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
শেখ নজরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাঁকে উদ্দেশ করে বলে, তাঁকে একেবারে মেরে ফেলবে; বেঁচে থাকলে তিনি তাঁদের জন্য সমস্যা তৈরি করবেন। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে হামলাকারীরা সেখান থেকে সরে যায়। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
আহত শেখ নজরুল ইসলামকে প্রথমে টঙ্গীর আহসানুল্লাহ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে উত্তরায় পাঠানো হয়। চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন বলে জানা গেছে।
ঘটনার পর দলের সিনিয়র নেতারা ও নেতাকর্মীরা তাঁকে দেখতে বাসায় যান। এ সময় সুমন সরকারসহ দলীয় নেতাকর্মীদেরও তাঁর খোঁজখবর নিতে দেখা যায়।
ভুক্তভোগী শেখ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের গ্রেপ্তারে জোরালো চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন। অভিযোগে সোহান ও শুভ নামে দুজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে শেখ নজরুল ইসলাম সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।