
মোঃ আশিকুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
রাজধানীর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নৌপুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের সময় তাঁর পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। পরে ওই ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম কে এম এনায়েতুর।
মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় উড়োজাহাজে ওঠার একটি ভিডিও ধারণের সঙ্গে তাহসিফ সাউরির সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে ভিডিওটি তাঁর ধারণ করা কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং কী পরিস্থিতিতে তিনি তুরাগ নদে গেলেন, তা জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।