
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ (ESkuf) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে বাংলাদেশে আনা এ সিরাপ ফেনসিডিলের বিকল্প হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের মাদকসেবীদের কাছে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার একটি দল উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী খালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৭৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এস্কাফ সিরাপের বোতলের আকার, পরিমাণ ও প্যাকেজিং অনেকটাই ফেনসিডিলের মতো। ভারতে এটি কোডিনযুক্ত কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হলেও বাংলাদেশে অবৈধভাবে এনে মাদক হিসেবে বিক্রি করা হচ্ছে। এর আগেও দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ ধরনের সিরাপ উদ্ধার হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার সাংবাদিকদের বলেন,
“মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিমলা থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক চোরাচালান, কারবার ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই আইনের ছাড় দেওয়া হবে না।