
নিজস্ব প্রতিবেদক | নরসিংদী
নরসিংদীর মনোহরদী উপজেলার সদ্য বদলিকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, কমিশন বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও তথ্য গোপনের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার প্রকৌশলী ইঞ্জিনিয়ার এনামুল হক আল-আমিন।
রোববার (২ আগস্ট) নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার কাছে সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা দেন তিনি।
৭ শতাংশ কমিশন দাবির অভিযোগ
অভিযোগে আল-আমিন দাবি করেন, ২০২৫ সালে শুরু হওয়া প্রায় ৭৮ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প তিনি সম্পন্ন করেন। তবে কাজের বিল উত্তোলনের সময় তৎকালীন ইউএনও এম এ মুহাইমিন আল জিহান ৭ শতাংশ কমিশন দাবি করেন।
তার অভিযোগ, কমিশনের অর্থ না দেওয়ায় বিল আটকে রাখা হয়। পরে বাধ্য হয়ে পৌরসভার হিসাবরক্ষক অপুর মাধ্যমে ৫ লাখ ৪৬ হাজার টাকা কমিশন হিসেবে প্রদান করেন। অভিযোগকারী আরও দাবি করেন, ওই অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আল-আমিন অভিযোগ করেন, একই সময়ে উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসকের দায়িত্ব পালন করে অভিযুক্ত কর্মকর্তা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের সুযোগ সৃষ্টি করেন। এসব কারণে তিনি নিজেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য পাননি
অভিযোগে আরও বলা হয়, উপজেলা প্রশাসন ও পৌরসভার গত দুই বছরের আয়-ব্যয়ের তথ্য জানতে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদন করা হলেও নির্ধারিত সময়ে কোনো তথ্য সরবরাহ করা হয়নি। পরে জেলা প্রশাসকের কাছে প্রথম আপিল এবং তথ্য কমিশনে অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত তথ্য পাননি বলে অভিযোগকারীর দাবি।
অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি
অভিযোগের বিষয়ে সাবেক ইউএনও এম এ মুহাইমিন আল জিহানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
তদন্তের আশ্বাস
অভিযোগকারী জানান, জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া অভিযোগটি গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।