
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, জহিরুল ইসলামের একাধিক বিয়ে রয়েছে। এছাড়া, তিনি স্থানীয়ভাবে একটি রাজনৈতিক দলের সমর্থক হিসেবে পরিচিত বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে গইজপাড়া এলাকায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলামকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালে পুলিশ পুনরায় ঘটনাস্থলে গিয়ে জহিরুল ইসলাম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে জহিরুল ইসলামকে একটি রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক হিসেবে বিভিন্ন দাবি প্রচার হলেও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, তিনি দলটির কোনো সদস্য নন। তাদের দাবি, তিনি কেবল সমর্থক হিসেবে পরিচিত ছিলেন; দলের সাংগঠনিক কোনো পদ বা সদস্যপদ তার নেই।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছ জানান, নারী ও পুরুষ—উভয়কে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তারা বর্তমানে থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।