
শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তা জোরদারের নির্দেশ
(গাজীপুর প্রতিনিধি)
মোঃ আশিকুর রহমান
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। তিনি বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত অতিথি ও পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এ সময় পুলিশ কমিশনার সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান। তিনি বলেন, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সকল ধর্মাবলম্বীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিবিড় নজরদারি এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল ধর্মাবলম্বীর জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে জিএমপি বদ্ধপরিকর। এ লক্ষ্যে পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।