
পঞ্চগড় জেলা প্রতিনিধি :- সঞ্জু বনিক সৌরভ
বোদা, পঞ্চগড় | ১০ আগস্ট ২০২৬
পঞ্চগড়ের বোদা উপজেলায় দুটি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া চার শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে একটি বিদ্যালয় থেকে একজন এবং অপরটি থেকে তিনজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
প্রতিষ্ঠান দুটি হলো চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় এবং বোদা সর্দারপাড়া বালিকা বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে। অন্যদিকে বোদা সর্দারপাড়া বালিকা বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউ পাস করতে পারেনি।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো এমপিওভুক্ত হয়নি। বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১০০ শিক্ষার্থী থাকার কথা থাকলেও সরেজমিনে অল্পসংখ্যক শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ১০ জন শিক্ষক ও পাঁচজন কর্মচারী থাকার তথ্য পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সমস্যা রয়েছে। তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ললিতা রাণী দাবি করেন, এবারের পরীক্ষার্থী পড়াশোনায় দুর্বল ছিল বলেই সে অকৃতকার্য হয়েছে।
অন্যদিকে বোদা সর্দারপাড়া বালিকা বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থাও নাজুক বলে সরেজমিনে দেখা গেছে। বিদ্যালয়টির কোনো সাইনবোর্ড চোখে পড়েনি। একটি টিনের কক্ষ তালাবদ্ধ এবং আরেকটি বড় ঘরে দরজা-জানালা ও বেড়া নেই।
বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুর ইসলাম বলেন, ফলাফলের তথ্য অনুযায়ী দুটি নন-এমপিও প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। প্রতিষ্ঠান দুটিতে পাঠদানের ধারাবাহিকতা না থাকার বিষয়টিও তিনি স্বীকার করেন।
তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রতিষ্ঠান দুটিকে মূলধারায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ফিডব্যাক ও লজিস্টিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।