
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ১৫ আগস্ট ২০২৬
পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পঞ্চগড় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন বক্তব্য দেন।
সভায় অংশীজনদের কাছ থেকে হাসপাতালের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় প্রয়োজনীয় জনবল নিয়োগসহ দ্রুত ২৫০ শয্যার হাসপাতালটি চালু করে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার দাবি জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের জন্য উন্নত ও মানবিক পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের বৈষম্য সহ্য করা হবে না। দল-মত ও ধর্মের বিভেদ ভুলে সবাইকে সম্মিলিতভাবে জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করতে হবে। চিকিৎসক ও নার্সদের সবার জন্য সমান সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, হাসপাতালকে ঘিরে যারা আন্ডারগ্রাউন্ড কার্যক্রম ও সিন্ডিকেটের মাধ্যমে চিকিৎসাসেবায় প্রভাব বিস্তার করছেন, তারা ‘বোকার স্বর্গে’ আছেন। হাসপাতালের সব ধরনের সিন্ডিকেট নির্মূল করা হবে। অতি দ্রুত নতুন হাসপাতাল ভবন চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, পঞ্চগড় জেলা সদর হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ সুবিধা নেই। বিভিন্নভাবে প্রতি মাসে প্রায় ৪০ হাজার মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। তিনি সম্মিলিতভাবে হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।
এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার ও সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদসহ অন্যান্য অংশীজন হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরেন এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পরামর্শ দেন।
সভায় প্রতিমন্ত্রী জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি অতি দ্রুত নতুন হাসপাতাল ভবন চালুর উদ্যোগের কথা জানান। একই সঙ্গে পঞ্চগড়ের বাইপাস সড়ক নির্মাণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন।