
মো. রফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম ভবনের উদ্বোধন এবং এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের মল্লিকপুরে নবনির্মিত প্রশাসনিক সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সুলতানা জেরিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী ও অ্যাডভোকেট শেরেনুর আলী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সুহেল মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, শাহজাহান মিয়া, আজিজুর রহমান সৌরভসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, বর্তমান সরকার কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে, যার সুফল ইতোমধ্যে তৃণমূলের মানুষ পেতে শুরু করেছেন।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ পৌরসভার আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সকল ধর্ম-বর্ণের মানুষের সমঅধিকার নিশ্চিত করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আবাসনসহ মৌলিক সেবার উন্নয়নে কাজ করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।