
পটুয়াখালী প্রতিনিধি:-
পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর ও আলীপুরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তীব্র বরফ সংকট দেখা দিয়েছে। প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দ্বিগুণ বেড়েছে বরফের দাম। ফলে ইলিশের ভরা মৌসুমেও বরফের অভাবে সাগরে যেতে পারছে না শত শত মাছধরা ট্রলার।
মৎস্য সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে যে বরফের ক্যান ১৫০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অতিরিক্ত দাম দিয়েও অনেক সময় প্রয়োজনীয় বরফ পাওয়া যাচ্ছে না।
জেলেরা জানান, সাগরে মাছ ধরতে যাওয়ার আগে ট্রলারে পর্যাপ্ত বরফ সংরক্ষণ করতে হয়। কিন্তু মহিপুর ও আলীপুরে বরফের সংকট তৈরি হওয়ায় গত এক সপ্তাহ ধরে অনেক ট্রলার ঘাটে অবস্থান করছে। এতে একদিকে জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না, অন্যদিকে ইলিশের মৌসুমে মাছ আহরণ ও সরবরাহও ব্যাহত হচ্ছে।
জেলেদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলায় বরফকলগুলো স্বাভাবিকভাবে উৎপাদন করতে পারছে না। উৎপাদন কমে যাওয়ার সুযোগে বরফের দাম বেড়ে গেছে। এতে মাছ ধরার খরচও অনেক বেড়ে যাচ্ছে।
মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, ইলিশের ভরা মৌসুমে এ ধরনের বরফ সংকট অব্যাহত থাকলে জেলে, ট্রলার মালিক, আড়তদারসহ পুরো মৎস্য খাত ক্ষতির মুখে পড়বে।
তারা মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।