
গাজীপুরের গাছা থানাধীন শরীফপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক অটোরিকশা চালককে মারধর করে ৫৭ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চালক বাদী হয়ে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১২:৩০ টার দিকে গাছা থানাধীন রডমিল রোড সংলগ্ন শিরা মার্কেটের মোকলেসের ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ পিয়াস মিয়া (২৬) অভিযোগে উল্লেখ করেন, তিনি শরীফপুর এলাকার মোঃ তারেক রহমান ফয়সালের একটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দুর্ঘটনাবশত তার অটোরিকশাটি মহিউদ্দিন সোহেলের সাদা রঙের একটি প্রাইভেট কারের পিছনে হালকা স্পর্শ লাগলে ২নং বিবাদী ৪ হাজার টাকা জরিমানা দাবি করেন।
এসময় পিয়াস মিয়া অটোর মালিককে জানালে মালিক আসার আগেই ১, ৩ ও ৪ নং বিবাদীসহ আরও ৩/৪ জন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে আসে। এরপর তারা পিয়াস মিয়াকে অহেতুক গালিগালাজ করে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে রাস্তায় ফেলে দেয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, মারধরের এক পর্যায়ে বিবাদীরা তার অটোরিকশা মেরামতের এসএস পাইপসহ অন্যান্য যন্ত্রাংশ, ব্যবহৃত এন্ড্রয়েড স্মার্ট মোবাইল ফোন স্যামসাং গ্যালাক্সি এস ১০ এবং নগদ ৭ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়। ছিনতাইকৃত মালামালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
পরে স্থানীয়দের সহায়তায় পিয়াস মিয়া প্রাণে বেঁচে পালিয়ে এসে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। সুস্থ হয়ে অটোরিকশাটি ফেরত চাইতে গেলে বিবাদীরা তাকে আইনি ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী পিয়াস মিয়া বলেন, “আমি গরিব মানুষ। কষ্ট করে অটো চালিয়ে সংসার চালাই। তারা আমাকে মেরে আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
অভিযুক্তরা হলেন- ১. মহিউদ্দিন রয়েল (৩৬), ২. মহিউদ্দিন সোহেল (৩৭), ৩. মোঃ রাতুল (১৮), ৪. মোঃ হিমেল (১৮)। তাদের সবার বাড়ি গাছা থানার শরীফপুর এলাকায়।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভিযোগকারী পিয়াস মিয়া পূর্বে একটি ফৌজদারি মামলায় এই বিবাদীদের বিরুদ্ধে সাক্ষী হওয়ায় তাদের সাথে তার দীর্ঘদিনের শত্রুতা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন।