
জনপ্রতিনিধি না থাকায় দীর্ঘদিন নাগরিক সেবা নিয়ে ভোগান্তিতে ছিলেন রূপগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দারা। তবে নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর বদলাতে শুরু করেছে ইউনিয়ন পরিষদের চিত্র। দেড় মাসে ২৪টি রাস্তার উন্নয়নকাজ, ১৩টি গভীর নলকূপ বরাদ্দসহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে একসময় অনেকটাই স্থবির হয়ে পড়েছিল রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম। প্রয়োজনীয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তেন সাধারণ মানুষ। তবে প্রায় দেড় মাস আগে প্রশাসক হিসেবে নূর নবী ভূঁইয়া দায়িত্ব নেওয়ার পর বদলাতে শুরু করেছে সেই চিত্র। দায়িত্ব নেওয়ার পর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঘুরে স্থানীয়দের সমস্যা চিহ্নিত করছেন প্রশাসক। এরই মধ্যে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ২৪টি রাস্তার উন্নয়নকাজ। বিশুদ্ধ পানির সংকট নিরসনে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩টি গভীর নলকূপ। শুধু অবকাঠামো উন্নয়ন নয়, মাদক নির্মূলেও নেওয়া হয়েছে উদ্যোগ। ওয়ার্ডে ওয়ার্ডে করা হচ্ছে মাদকবিরোধী সমাবেশ। পাশাপাশি মসজিদ-মাদ্রাসায় দেওয়া হচ্ছে অনুদান।